সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ, রাসায়নিক ব্যবহারসহ নানা অনিয়মের মধ্য দিয়ে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে সলঙ্গা ও পাঁচলিয়া এলাকায় হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি এবং বেকারি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানান, দুপুরে সলঙ্গা ও পাঁচলিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি তৈরি করায় রয়্যাল রুপালির দই-মিষ্টির কারখানার মালিক মো: আল আমিনকে ৩০ হাজার জরিমানা করা হয়। এরপর হাটিকুমরুল এলাকায় ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্টের ম্যানেজার মো: আল আমিনকে ১০ হাজার টাকা, নূর বেকারির মালিক মো: আতিকুর ইসলামকে ৫ হাজার টাকা, ফামস হাইওয়ে রেস্টুরেন্টের মালিক গোলাম মোস্তফাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাবের সদস্য, র্যাব ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









