লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বৃদ্ধি নিশ্চিতকরণে অধিক দুধ উৎপাদন, গাভি পালন ও লাভজনক খামার গঠনে দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে বুড়িমারী টি এন প্লাজা ঢাকা ক্যাফের একটি হলরুমে একদিনব্যাপী ‘ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজিত’ এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। পারিবারিক পর্যায়ে গাভি পালনে সুষম খাদ্য, প্রজনন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, এবং বিভিন্ন রেকর্ড সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন, পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোতাহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, লালমনিরহাট ব্র্যাক শাখার এরিয়া সেলস ম্যানেজার নুরুজ্জামান।
খাদ্য, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এই তিনেই খামারের সফলতা বিষয়ক এই প্রশিক্ষণটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মী মুসলিম উদ্দিন।
বক্তারা এ সময় গাভির সুষম খাদ্যের সরবরাহ ও কী পরিমাণ দিলে গাভির পালন ও সুস্থ গরু, বেশি দুধ সফল খামার হবে তা হাতে -কলমে শিখিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে আঁশযুক্ত খাবার যেমন উন্নত জাতের কাঁচা ঘাস নেপিয়ার, জার্মান এবং শুকনো খড় যা হজমে সাহায্য করে। দানাদার খাবার যেমন, খৈল, গমের ভুসি, চালের কুড়া এবং ডালের খোসা যা গরুর জন্য শক্তি ও প্রোটিন জোগায়। খনিজ ও ভিটামিন যেমন লবণ এবং মিনারেল মিক্সচার যা হাড়ের গঠন ও দুধের গুণগত মান বাড়ায়। গাভিকে ২৪ ঘণ্টা পর্যাপ্ত পরিষ্কার ও নিরাপদ পানি পান করাতে হবে।
তাছাড়া, এ সময় ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা যেমন, হোলস্টেইন ফ্রিজিয়ান, শাহীওয়ালা, ও আরসিসি জাতের উন্নত মানের সিমেন প্রদানে ১ বছরে ১টি সুস্থ বাছুর প্রসব, প্রতিলালন বিষয়ক পরামর্শ প্রদানে সচেতন করা হয়।
প্রশিক্ষণ শেষে বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নে খামার ব্যবস্থাপনার মৌলিক বিষয়সমূহ- খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্যসেবা, প্রজনন ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জনের স্বীকৃতিস্বরূপ খামারিদের প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









