গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রাক খালে পড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) ভোরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে ৪টি গরু জীবিত উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা লোকজন অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক নজরুল ইসলাম পালিয়ে যান।
জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী রানা ও লিটন।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









