গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে.এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোনো চলমান উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গোপালগঞ্জের তিন সংসদ সদস্য আলোচনা করেছেন এবং প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকে গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলার উন্নয়ন কার্যক্রমে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (২২ মে) গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া খালের ওপর বহুল প্রত্যাশিত পাঁচুড়িয়া ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. কে. এম বাবর বলেন, “মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রকল্প গ্রহণ করবো। নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি এবং সমাধানের চেষ্টা করছি। আমরা একটি সুন্দর ও বাসযোগ্য গোপালগঞ্জ গড়ে তুলতে চাই।”
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মণ্ডল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ দশমিক ৭৪ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ২৫ মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা। নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে।
উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে রাস্তা প্রশস্তকরণের কাজের জন্য পুরোনো সড়কটি ভেঙে ফেলা হয়েছিল। পরে বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









