কক্সবাজারের চকরিয়ায় প্রতিবন্ধী খলিলুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মোহাম্মদ মিনার (২৮)।
শুক্রবার (২২ মে) পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খলিলুর রহমানের ওপর হামলা চালায় তার ছেলে মোহাম্মদ মিনার (২৮)। ধারালো দা দিয়ে কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে খলিলুর রহমান পূর্বে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান মিনার। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবার ওপর হামলা চালান তিনি।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল এ পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্ত মোহাম্মদ মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের অন্য সদস্যরা আলাদা বসবাস করতেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









