পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক মো. আকতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী আকতার হোসেনের দাবি, পর্তুগাল ছাত্রলীগের নেতা-কর্মীরা তার ওপর এই অতর্কিত হামলা চালিয়েছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লিসবনের একটি পার্কে আকতার হোসেন দুজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ এক যুবক এসে তার ওপর ডিম নিক্ষেপ করেন। এরপর আরও দুই যুবক এসে একইভাবে ডিম ছুড়তে থাকেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আকতারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। একপর্যায়ে আকতার দৌঁড়ে ওই স্থান থেকে সরে যান।
হামলার পর আজ বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আকতার হোসেন তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন।
সেখানে তিনি লেখেন, “আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।”
এ বিষয়ে বিস্তারিত জানতে আকতার হোসেনের মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
তবে হামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী এদিনকে বলেন, “ভিডিওটি দেখেছি এবং পর্তুগালে থাকা কিছু ছাত্রলীগ কর্মীই অতর্কিতভাবে আকতারের ওপর এই হামলা চালিয়েছে।”
এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার (২৩ মে) এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের পক্ষ থেকে সংগঠনের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তার ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সাথে বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









