ঝিনাইদহের সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলির (৩০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২৪ মে) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাগরিকা খাতুন ওই গ্রামের শিমুল মিয়ার স্ত্রী। এদিকে ঘটনার পর থেকেই তার স্বামী শিমুল মিয়া পলাতক রয়েছে।
স্বজনরা জানায়, দিনমজুর স্বামী শিমুল মিয়া পারিবারিক কলহের জেরে গত রাতে স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাগরিকাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
সাগরিকার বেশ কিছুদিন যাবৎ তার স্বামীর সাথে বনিবনা না হওয়াতে পার্শ্ববর্তী করিমপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিল। গত তিনদিন আগে সাগরিকাকে আবারও তার স্বামী বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘‘পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









