রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
রবিবার (২৪ মে) সকালে উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে কাঠগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে বিজিবির টহল দল মারিশ্যা উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ীদের চোরাচালানের উদ্দেশে মজুদ করা মালিকবিহীন অবস্থায় ১২০ দশমিক ৮৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৮৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান তৎপরতা বৃদ্ধি করায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









