রাঙামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
রবিবার (২৪ মে) মারিশ্যা জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ কমলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৫ বান টিন, ২০ সেট স্কুল ড্রেস এবং শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে ব্ল্যাকবোর্ড বিতরণ করা হয়।
এছাড়াও কমলাপাড়া এলাকার কয়েকজন বাসিন্দার মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে কালা চাকমাকে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি সেলাই মেশিন, জনি চাকমাকে আর্থিক স্বচ্ছলতার জন্য নগদ অর্থ এবং নিরু কান্তি চাকমাকে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
একই দিনে মারিশ্যা জোনের অধীনস্থ ওল্ডলংকর বিওপির উদ্যোগে ওল্ডলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০ সেট স্কুল ড্রেস ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ওল্ডলংকর এলাকার বাসিন্দা লাল হুয়া পুইই পাংখোয়াকে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি সেলাই মেশিন এবং লাল আম পুইই পাংখোয়াকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়।
এছাড়াও এলাকাবাসীর সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি ওয়াটার পয়েন্ট নির্মাণের জন্য নগদ অর্থ দেওয়া হয়। পাহাড়ি জনগোষ্ঠীর বিনোদনের জন্য একটি ক্যারাম বোর্ড এবং ধর্মীয় উৎসব আয়োজনের জন্য একটি সামিয়ানা বাবদ নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শান্তি ও সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, ওল্ডলংকর বিওপি ও কমলাপাড়া টিওবি কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









