সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ও যাতায়াত ব্যবস্থার কথা বিবেচনা করে সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি জরুরি সভা করবেন। সেই সভাতেই ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “এই বিমান যোগাযোগ চালু হলে অঞ্চলের পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে।”
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে এই দুই রুটে ফ্লাইট চালুর বিষয়ে অনুরোধ জানিয়েছেন। বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। খুব দ্রুতই সিলেটবাসী এ বিষয়ে সুখবর পাবেন।
এর আগে ২০২০ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন এবং বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর উদ্যোগে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালু হয়েছিল। তবে কিছুদিন চলার পর হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। তবে সিলেট-চট্টগ্রাম রুটে রুটে এর আগে কখনো সরাসরি বিমানের ফ্লাইট চলাচল করেনি। ফলে এবার নতুন করে ফ্লাইট চালু হলে এটি হবে এই দুই অঞ্চলের মধ্যে প্রথম সরাসরি বিমান যোগাযোগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









