সিলেটে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এ বিষয়ে দ্বিমত করার কিছু নেই। অপরাধীদের শনাক্তে দ্রুতই পুরো নগরে ‘ফেস রিকগনিশন’ ক্যামেরা বসানো হবে।’’
তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ ও র্যাব সম্মিলিতভাবে কাজ করছে। অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাই নগরের প্রাণ। তাদের স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিত করতে নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সিসিকের ১ হাজার ১৫৮ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও সিসিকের তহবিল থেকে মোট ৫৮ লাখ টাকা বিতরণ করা হয়।
চামড়া শিল্প রক্ষায় কওমি মাদ্রাসা ও স্থানীয় প্রশাসনকে তৎপর থাকার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘পশু জবাইয়ের চার ঘণ্টার মধ্যে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করা হলে সিলেট থেকে চামড়া সংগ্রহ নিশ্চিত করা হবে।’’
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









