চুয়াডাঙ্গার দামুড়হুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ মো. বাপ্পি নামে এক কারবারীকে আটক করেছে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন।
রবিবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে মো. বাপ্পি (২৭)।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকায় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তাকে বিজিবি থামার জন্য নির্দেশ দেয়। তিনি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে দেহ তল্লাশি করলে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানায়, উদ্ধারকৃত স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেল দামুড়হুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









