নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান চালায় মান্দা থানা-পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তাররা হলেন চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১), মো. শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩)।
পুলিশের ভাষ্য, তাঁদের কাছ থেকে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ তৈরির উপাদান ২০০ লিটার ওয়াশ, দুটি বার্মিজ চাকু ও নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া বসতবাড়ির একটি গর্তে লুকিয়ে রাখা ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









