জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (২৪ মে) বিকেলে শহরের ময়েজ মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, নাট্যকার-শিক্ষক ড. অনুপম হায়াৎ, প্রবীণ সাংবাদিক ও ইতিহাসবিদ বদিউজ্জামান চৌধুরী, ফরিদপুর ফাউন্ডেশনের গোলাম মহিউদ্দিন মুন্না ও জেলা জিয়ামঞ্চের আহ্বায়ক আব্দুস সালাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক প্রফেসর এম এ সামাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘‘নজরুল বাংলাদেশের জাতীয় কবি। তার গুণ ও অবদান আমরা যথাযথভাবে তুলে ধরতে পারি না। তার বিদ্রোহী কবিতা থেকেই ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের আন্দোলনের অনেক প্রেরণা এসেছে। আমরা নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে জানি, তবে তিনি ছিলেন সাম্যের কবি, প্রেমের কবি।’’
তিনি বলেন, ‘‘আমাদের ফরিদপুরে বঞ্চিত ও নিপীড়িত সংস্কৃতিকর্মী রয়েছে। আমি সবাইকে সামনে নিয়ে আসব। সবাই এখানে সংস্কৃতি চর্চা করবেন। আমাদের এই ধরনের আয়োজন, তরুণদের খারাপ কাজ থেকে বিরত রেখে সংস্কৃতির দিকে নিয়ে আসবে।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম বলেন, ‘‘আজকের দিনে নজরুলকে নতুনভাবে পাঠ করা ও জানার সময় এসেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের তরুণদের নজরুল চর্চার মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে।’’
জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তার কবিতার বিদ্রোহের আগুন বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনের উৎস হিসেবে কাজ করেছে। তিনি আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন।”
বক্তব্যে ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোফিজ ইমাম মিলন বলেন, “নজরুল ফরিদপুরে ৭ বার এসেছেন, এখানে তিনি নির্বাচন করেছেন, গান লিখেছেন, কবিতা লিখেছেন—এখানে তার সময় কেটেছে। নজরুলের যে শিক্ষা ছিল—সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা—তা আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে সুর ও সঙ্গীত পরিবেশন করেন মো আলাউদ্দীন, বর্ণা ঘোষ, শিপ্রা গোস্বামী ও লায়লা বাউল। কবিতা আবৃত্তি করেন শামিম আরা বেগম, নিলয় বিশ্বাস ও রজ্জাক রেজা।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









