রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় বজ্রপাতে উজ্জ্বল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বজ্রপাতের সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। একই ঘটনায় পরিবারের আরও পাঁচ সদস্য আহত হন।
আহতরা হলেন; প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), নিজুম চাকমা (৩), জেরিন চাকমা (১৫) ও রেশমি চাকমা (২৮)।
ঘটনার পর স্থানীয় গ্রামবাসী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোররাতে বজ্রপাতের ঘটনায় তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। একই পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খোঁজখবর রাখছি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









