পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বরগুনা পৌর শহরের একমাত্র বৃহত্তম পশুর হাট বসেছে সদর উপজেলা পরিষদ মাঠে। গরু ও ছাগলের এই জমজমাট হাটে প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের। তবে এবারের বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাজার ঘুরে দেখা গেছে, ৭০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকার মধ্যে থাকা ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্রেতারাই মূলত এসব গরু কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। অন্যদিকে বড় গরুর সামনে দর্শনার্থীদের ভিড় থাকলেও ক্রেতা তুলনামূলক কম।
বাজারে আসা অনেক বিক্রেতা জানান, বড় গরু দেখতে মানুষ ভিড় করছেন, ছবি তুলছেন, দাম জিজ্ঞেস করছেন, কিন্তু শেষ পর্যন্ত বিক্রি খুব কম হচ্ছে। এতে বড় গরুর খামারিদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে।
বাজারে গরু বিক্রি করতে আসা হাফিজুর ফরাজী বলেন, ‘‘এবার ছোট গরুর চাহিদা বেশি। মানুষ বাজেট অনুযায়ী গরু কিনছে। বড় গরু দেখতে অনেকে আসে, কিন্তু ক্রেতা কম।’’
বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সোহেল পঞ্চায়েত জানান, স্থানীয় কৃষকদের পরম যত্নে লালন-পালন করা ছোট ও মাঝারি গরুর প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বেশি। তবে খামারভিত্তিক বড় গরুর চাহিদা এ অঞ্চলে তুলনামূলক কম রয়েছে।
এদিকে হাটে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। প্রশাসনের পক্ষ থেকে বাজারে নজরদারি রাখা হচ্ছে বলেও জানা গেছে।
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বরগুনার পশুর হাটে ক্রেতা সমাগম বাড়বে বলে ধারণা করছেন ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









