ঈদুল আজহাকে ঘিরে নৌপথে যাত্রী পরিবহনে কোনো ধরনের অব্যবস্থাপনা বা গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তা ও সেবায় অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বাতিল করা হতে পারে নৌযানের সনদ (ফিটনেস ও রুট পারমিট)।
বুধবার (২৭ মে) বিকেল ৪টার দিকে বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এ সময় প্রতিমন্ত্রী নৌবন্দরে ঈদযাত্রা উপলক্ষে নেওয়া বিভিন্ন প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরে তিনি ঘাটে নোঙর করে রাখা বেশ কয়েকটি লঞ্চে সশরীরে উঠে যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী লঞ্চে থাকা সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং যাত্রাপথে কোনো ধরনের সমস্যা, অতিরিক্ত ভাড়া আদায় বা ভোগান্তি হচ্ছে কি না, তার খোঁজখবর নেন।
এরপর বন্দর ও লঞ্চ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।’’
তিনি আরও বলেন, ‘‘ঈদের সময় লঞ্চগুলোতে যাত্রীচাপ স্বাভাবিকভাবেই বাড়বে। তবে এই সুযোগে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা ত্রুটি কিংবা যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যারা নিয়ম মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’’
নৌবন্দর পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বন্দর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









