বেশ কিছু দিন ধরেই অসুস্থ অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন বিশ্রামে ছিলেন। কাজ থেকেও সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। বন্ধ রেখেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লেখালিখিও।
তবে আপাতত সব বাধা কাটিয়ে কাজে ফিরলেন অমিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’র সঞ্চালকের আসনে আবার দেখা যাবে বলিউডের শাহেনশাকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কেবিসি’র নতুন প্রমো। সেখানেই ভক্তদের ভালবাসা, প্রার্থনা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা।
এতে শুরুতেই দর্শককে দীপাবলির শুভেচ্ছা জানান অমিতাভ। তিনি জানান, পরিবারের সঙ্গে তিনিও উৎসবের আনন্দে মেতেছিলেন। তবে তার আরও একটি পরিবার রয়েছে। সেটি হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র পরিবার। এই মঞ্চে ফিরে আসার আনন্দও ধরা পড়েছে তার কথায়।
প্রমোতে আরও দেখা যায়, হটসিটে বসা এক প্রতিযোগী সরাসরি অমিতাভের শারীরিক অবস্থার কথা জানতে চান। অভিনেতা অবশ্য নিজের কথা না বলে উল্টো প্রতিযোগী কেমন আছেন, তা জানতে চান।
প্রতিযোগী ভালো থাকার কথা জানালে অমিতাভ বলেন, “আপনি ভালো থাকলে আমরাও ভালো আছি।”
এর পরেই ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা। তার কথায়, দর্শকের ভালবাসা, প্রার্থনা ও আশীর্বাদ নিয়েই আবার ফিরেছেন তিনি। একই উদ্যম, একই হাসি এবং একেবারে নতুন পর্ব নিয়ে দর্শকের সামনে হাজির হতে চলেছেন।
উল্লেখ্য, গত মাসে চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের বিশ্রাম নিয়েছিলেন অমিতাভ। সে কারণে তার কাজের রুটিনেও সাময়িক ছেদ পড়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








