সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার ইছাকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়াল নুর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৬ মে) ঘোষণা দিয়ে বুধবারে দুই পক্ষ এই সংঘর্ষে জড়িয়েছে। গত বছরেও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এতে উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেছিল। মূলত এই ঘটনাকেই কেন্দ্র করে এ বছরও উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে সাইদুর গ্রুপের পায়েল মিয়া নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। আর মুমূর্ষু অবস্থায় তাহেরা বেগম নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।
সাইদুর রহমান জানান, জমিতে গরুর খাবার নিয়ে আওয়াল নুর গ্রুপের সাথে পাল্টাপাল্টি মামলা চলছে। এই ঘটনাকেই কেন্দ্র করে আওয়াল নুর গ্রুপের লোকজন আমাদের বাড়িতে এসে হঠাৎ অতর্কিত হামলা চালায়।
আরেক গ্রুপের আওয়াল নুর জানান, সাইদুর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নদীর পাড়ে দিয়ে মহড়া দিচ্ছিল। আমরা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে যাইনি। তারা নিজেরাই মেরে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
তিনি আরও জানান, ২০০৪ সালেও তারা মার্ডার করে আমাদের উপর দোষ চাপিয়েছে। এটাও আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, আমরা পায়েল মিয়া নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









