বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশিক, শাকিল ও মতিন।
রায়ে আদালত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। আদায়কৃত জরিমানার অর্ধেক অর্থ নিহত হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালায় আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে হৃদয়কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত হৃদয়ের মা মোছা. আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত মামলার রায় ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









