পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগোরাঙ্গ নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চরমোন্তাজের মোল্লা গ্রামের মো. কুদ্দুস হাওলাদারের মালিকানাধীন ট্রলারটি নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
ট্রলারে থাকা চার জেলেকে পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ট্রলারে থাকা মাছ ধরার জালসহ বিভিন্ন সরঞ্জাম পানিতে ভেসে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরে জায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রলারডুবির খবর আমরা পেয়েছি। ট্রলার ও মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









