বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরের দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দিচ্ছে। এবারের দুর্গাপূজা আগের যেকোনো বছরের তুলনায় সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দেশকে সুন্দর ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তুলতে সবাইকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আবদুর রহমান রিপন এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।
ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিদর্শন শেষে মন্ত্রী শ্রীশ্রী নতুন কালীবাড়ি মন্দির ও মহেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









