রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধানমন্ত্রী কম্পিউটারে বোতাম টিপে এই অর্থ সংশ্লিষ্ট চাষীদের মোবাইল একাউন্টে প্রদান করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘‘এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেব। চাপটা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে।’’
তিনি বলেন, ‘‘সরকার আখচাষীদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দের অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর কাছে পৌঁছে দেওয়া হবে। আমি আশা করছি কৃষকদের এ সহযোগিতা তাদের আখ চাষে সহায়তা করবে।’’
অনুষ্ঠানে ১৫ জন আখচাষীকে চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।
এরা হলেন, আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।
পরে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলীয় সংসদ সদস্য ও নেতারা বক্তব্য শুরু করেন।
এর আগে বিকেল ৩টার কিছু পরে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন।
এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে রংপুরে যান। পরে রংপুর থেকে রাজশাহী আসেন। রাজশাহী থেকে আজ বিকেলেই তিনি চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামের জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রাজশাহীর কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









