ঈদযাত্রাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে টোল আদায়ের ধুম পড়েছে। গত ছয় দিনে সেতুটি পার হয়েছে লাখ লাখ যানবাহন, যা থেকে টোল বাবদ আয় হয়েছে ২০ কোটি ৪১ লাখ টাকারও বেশি। বিপুল পরিমাণ গাড়ির চাপ সামলে দ্রুত ও ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ের কারণে এবার রাজস্ব আদায়ে বড় ধরনের রেকর্ড তৈরি হলো।
যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দৈনিক টোল আদায়ের তথ্য সূত্রে জানা গেছে, ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার (২২ মে) থেকে বুধবার (২৭ মে) পর্যন্ত ছয় দিনে যমুনা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা।
সর্বশেষ বুধবার (২৭ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ৯০৭টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১২ হাজার ৯৮৬টি যানবাহন পারাপার হয়েছে। দুই প্রান্ত মিলিয়ে ওইদিন মোট ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন সেতুটি ব্যবহার করে। এ সময় টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।
এর আগে, মঙ্গলবার (২৬ মে) ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। ওইদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা। সোমবার (২৫ মে) পারাপার হয়েছিল ৫৩ হাজার ২৪৬টি যানবাহন এবং টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
রোববার (২৪ মে) ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। শনিবার (২৩ মে) ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। আর ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার (২২ মে) সেতু ব্যবহার করে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন। ওইদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
ঈদযাত্রার ব্যস্ততম সময়েও যমুনা সেতুর পশ্চিম পাড় তথা সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময়ের বড় ধরনের যানজট খুব কম দেখা গেছে। চারলেন মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু থাকায় অতিরিক্ত যানবাহনের চাপও সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









