সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় সিলেটের ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা শাহী ঈদগাহ ময়দানে সমবেত হতে শুরু করেন। ফজরের নামাজের পর থেকেই ঈদগাহ ময়দান অভিমুখে সর্বস্তরের মানুষের ঢল নামে। নামাজ শুরুর আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।
এরপর সকাল ৮টায় প্রধান জামাত শুরু হয়, এতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
এই বৃহৎ জামাতে সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান জামাতের পাশাপাশি সিলেট মহানগর ও জেলার বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ও ঈদগাহ ময়দানেও সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
হজরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী।
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঐতিহ্যবাহী সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে মুসল্লিদের সুবিধার্থে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৬টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
এছাড়া ঐতিহ্যবাহী হজরত শাহপরান (র.) মাজার মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতেও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
শাহী ঈদগাহসহ ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও ধর্মীয় আমেজে সিলেটে ঈদুল আজহার জামাত সম্পন্ন হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









