দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে ধর্মীয় মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য মুসল্লি।
ঈদের এই বৃহৎ জামাতে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জামাতে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। এছাড়া শিশু, কিশোর, তরুণ ও বয়োজ্যেষ্ঠসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লি মো. হাবিবুর রহমান বলেন, “প্রতি বছরই এখানে ঈদের নামাজ পড়তে আসি। এত বড় জামাতে একসঙ্গে নামাজ আদায় করার অনুভূতি সত্যিই অন্যরকম। মহান আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন।”
আরেক মুসল্লি আবু তাহের বলেন, “ঈদুল আজহা ত্যাগের শিক্ষা দেয়। আজকের জামাতে অংশ নিয়ে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেছি।”
ইমাম মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, “আল্লাহর অশেষ রহমতে দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে আমরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেছি।”
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসে এই জামাতে অংশ নিয়েছেন। সবার সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









