ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পটুয়াখালী জেলার চারটি আসনে এক জন স্বতন্ত্রসহ ১৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহিদ হোসেন চৌধুরী।
সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা নির্বাচন কর্মকর্তা ওহীদুজ্জামান মুন্সিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করার পাশাপাশি প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।
পটুয়াখালী-১ আসনে বিএনপি জোট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ প্রতীক, জামায়াত ইসলামী সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর ওহাব মিনার ঈগল, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ফিরোজ আলম হাতপাখা, জাসদ প্রার্থী গৌতম চন্দ্র শীল মোটর গাড়ি (কার), জাতীয় পার্টির প্রার্থী আ. মান্নান লাঙ্গল, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম ট্রাক প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-২ আসনে বিএনপি জোট প্রার্থী সহিদুল আলম তালুকদার ধানের শীষ, জামায়াত ইসলামী সমর্থীত ১০ দলীয় জোটের প্রার্থী মো. শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা, ইসলামি আন্দোলনের প্রার্থী মো. মালেক হোসেন হাতপাখা, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মো. রুহুল আমিন ঈগল, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমান ট্রাক পেয়েছেন।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুর ট্রাক, জামায়াত ইসলামী সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মুহম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন ঘোড়া, ইসলামি আন্দোলন আবু বকর সিদ্দিক হাতপাখা পেয়েছেন।
পটুয়াখালী-৪ আসনে বিএনপি জোট প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক, জামায়াত ইসলামী সমর্থীত ১০ দলীয় জোট প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি প্রতীক, ইসলামী আন্দোলন প্রার্থী মোস্তাফিজুর রহমান হাতপাখা, গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ রবিউল হাসান ট্রাক মার্কা পেয়েছেন।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের প্রচারণা শুরু হবে। প্রচারণার ক্ষেত্রে যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









