দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রবিবার (৩১ মে) সকালে উপজেলার ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আটক রহিম পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋশির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালগাঁও গ্রামের একটি লিচুবাগান লিজ নিয়ে পরিচালনা করছেন স্থানীয় এক ব্যক্তি। বাগানটির নিরাপত্তা ও দেখভালের দায়িত্বে ছিলেন রহিম ঋশি। ঘটনার দিন সকালে ৯ বছর বয়সী শিশুটি বাগানসংলগ্ন এলাকায় আম কুড়াতে গেলে অভিযুক্ত তাকে লিচু দেওয়ার কথা বলে ভেতরে ডেকে নেয়।
অভিযোগ রয়েছে, প্রথমে শিশুটিকে একটি লিচুর থোকা দেওয়া হয়। এরপর তাকে আরও ভেতরে একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর সুযোগ না পেয়ে জনতার হাতে ধরা পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এক শিশুর সঙ্গে অসদাচরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত কার্যক্রম শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









