দিনাজপুরের নবাবগঞ্জে নানার বাড়ির দাওয়াতে যাওয়ার পথে বাসের ধাক্কায় তানভীনা আক্তার লিজা (২৫) নামে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুলে উপজেলার বিনোদ নগর ইউনিয়নের চেরাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীনা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নানার বাড়ির দাওয়াতে অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেলে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে যাচ্ছিলেন তানভীনা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









