পটুয়াখালীর বাউফলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মানে প্রীতিভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার মদনপুরা এলাকায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই যোদ্ধারা নতুন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্মানে এ প্রীতিভোজ ও মিলনমেলার আয়োজন করতে পেরে আমি আনন্দিত।”
তিনি আরও বলেন, “একটি জরুরি কারণে আমাকে ঢাকায় অবস্থান করতে হচ্ছে। তাই আপনাদের মাঝে সরাসরি উপস্থিত থাকতে পারিনি। আপনাদের সঙ্গে সশরীরে থাকতে পারলে আরও ভালো লাগত। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সঙ্গে আরও সময় কাটানোর সুযোগ হবে।”
সংসদ সদস্য বলেন, “দেশের কল্যাণ, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের সাহসী অংশগ্রহণকারীরা জাতির জন্য একটি অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের বিন আব্দুল মোতালেবসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ছাত্রনেতৃবৃন্দ।
পরে জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণকারীরা মিলিত হন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









