ঘোষণার মাত্র এক দিনের মাথায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে এনসিপির ফেসবুক পেজে জেলা সাংগঠনিক সম্পাদকবৃন্দের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সোহেল সাজ্জাদ, জোবাইদুল হক, রিয়াজ উদ্দিন, মিনহাজ জামান, একরামুল হক আবির ও মো. জাহিদ হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুন প্রকাশিত পার্বতীপুর উপজেলা এনসিপি-এর আহ্বায়ক কমিটিটি (স্মারক নং এনসিপি/দিন/কমিটি/২০২৬/০৩) যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও অনুমোদন ব্যতীত গঠিত হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হলো। একই সাথে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক ও লোকমান হোসেনকে (খোকন) সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট পার্বতীপুর উপজেলা এনসিপির কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে কমিটি ঘোষণার পর পরই এতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। তীব্র বিতর্কের মুখে পড়ার পরদিনই জেলা নেতৃবৃন্দ এই কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









