বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী জাল, বিপুল পরিমাণ জ্বালানি তেল, সামুদ্রিক মাছ ও একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১২ জন জেলেকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা থানাধীন বিষখালী নদীর পরীর খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ বেহুন্দী জাল, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০০ লিটার ডিজেল, ২ হাজার ৪০০ কেজি সামুদ্রিক মাছ এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে ১২ জন জেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মামুন (৩৫), বিল্লাল (২৭), ফিরোজ (৩০), সবুজ (২৬), সগির হোসেন (৪৩), সোহরাব মুন্সি (৪৫), রুহুল আমিন (৫৩), সিদ্দিক (৪০), হাসান (২৪), আজিজুল হক (৫৬), হাসান (২০) ও হাসান (২৮)।
পরে আটক জেলেদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে জব্দকৃত সামুদ্রিক মাছ পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দ হওয়া তেল, জাল ও ট্রলিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









