গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ‘পপুলার মেডিসিন কর্নার অ্যান্ড সার্জিক্যাল’ নামের একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ফার্মেসির মালিক আনোয়ার হোসেনকে (৩৬) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ জুন) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট এলাকার আলেফ উদ্দিন ব্যাপারীর ছেলে।
সম্প্রতি হুরে জান্নাত নামে তিন মাসের এক গর্ভবতী নারী স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে ওই ফার্মেসি থেকে একটি এইচপিসি (হাইড্রক্সিপ্রোজেস্টেরন ক্যাপ্রোয়েট) ইনজেকশন কেনেন। সেটি শরীরে পুশ করার পর থেকেই তার গর্ভপাতের আশঙ্কা দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় ওষুধটি মেয়াদোত্তীর্ণ ছিল। এ ঘটনায় ভুক্তভোগী নারী প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল।
জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ফার্মেসি মালিককে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ এর ৪০ (খ) ও (গ) ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









