চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে বাঙ্গাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি অধিনায়ক বলেন, “ঠেলে পাঠানোর চেষ্টা করা ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু। রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। বিজিবি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করে এবং বাংলাদেশ ভূখন্ডে প্রবেশরোধে কঠোর অবস্থান নেয়। ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারা ফিরে না গেলে পুশ-ব্যাকের চেষ্টা করা হবে।”
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









