নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের ট্যাংকি মৎস্য অভয়াশ্রমে আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ২৬ জনকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালতি বিলের ভূষণগাছা এলাকায় অবস্থিত হালতি বিল ট্যাংকি মৎস্য অভয়াশ্রমে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা লঙ্ঘন করে অভয়াশ্রম এলাকায় মাছ শিকার করছিলেন অভিযুক্তরা। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাছ ধরার বড়শি, হুইলসহ বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নলডাঙ্গা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষার্থে নলডাঙ্গা থানা পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা নিশ্চিত করতে এবং সরকারি আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









