যশোরের বেনাপোল কাস্টমস হাউজ, শার্শা উপজেলার উলাশী খালের বৃহ্মরোপণ কর্মসূচির স্ট্রিপ বাগান ও উপজেলায় রোপিত তাল বাগান পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সোমবার ( ২১ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম।
তিনি কাস্টমস হাউসের সভাকক্ষে আমদানি -রপ্তানি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর সংরক্ষিত আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনসহ কাস্টমস ও বন্দর কর্মকর্তারা। বেনাপোল কাস্টমসে আমদানি-রপ্তানি বাড়াতে স্বচ্ছতা ও গতিশীলতার ওপর তাগিদ দিলেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভা শেষে পৌর গেট এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে শুভেচ্ছা জানিয়ে পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল করেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সভাস্থল স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে নেতাকর্মীরা। এরপর প্রতিমন্ত্রী উলাশী খাল এলাকা পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী পরিদর্শন শেষ প্রতিমন্ত্রী যশোর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন। সেখানে রাত্রি যাপনের কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









