চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে শূন্যরেখায় (জিরো লাইন) দুই দিন ধরে অবস্থান করা ২৮ জনকে অবশেষে ভারতে ফিরিয়ে নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক ও দফায় দফায় আলোচনার পর তাদের ফিরিয়ে নেওয়া হয়। এর ফলে সীমান্ত এলাকার দুই দিনের উত্তেজনার অবসান ঘটল।
শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম।
তিনি বলেন, ওই ২৮ ব্যক্তি ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান বা চলাচল আর দেখা যাচ্ছে না।
এর আগে গত ৪ জুন ভোরে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ছয়জন শিশু ছিল।
তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে সে চেষ্টা ব্যর্থ হয়।
পরে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে গত দুইদিন থেকে খোলা আকাশের নিচে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান করছিলেন বলে জানান বাঙ্গাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল বলেন, “সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









