বাগেরহাটের শরণখোলা উপজেলার গাবতলা বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ জুন) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— আসাদুল খান, নয়ন শেখ,সামিম হাওলাদার, হাফিজা বেগম, সাইদুল ও আলম হাওলাদার।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. নয়ন শেখ বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাজারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহুর্তে আমাদের দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার আফতাবী আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৩ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তার ধারনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









