বাঙালির চিরায়িত ঐতিহ্য ধরে রাখতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে নাইওর উৎসব।
শনিবার (৬ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
উৎসবে ৭৫টি পরিবারের ৩০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে পালকির আদলে তোরণ নির্মাণ করে নাইওরীদের বরণ করা হয়।
এ সময় নাচ গানসহ সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন তারা। পরে সকলের মাঝে পিঠাপুলি, বিভিন্ন মৌসুমি ফল ও বাহারি খাবার পরিবেশন করা হয়।
বৈশাখ-জৈষ্ঠ্য মাসে বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে নাইওর নিয়ে আসা ছিল বাঙালির ঐতিহ্য। তবে কালের বিবর্তনে সমাজ থেকে এ প্রথাটি হারিয়ে যেতে বসেছে। তাই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।
বছরে একটি দিন বিবাহিত মেয়ে ও তাদের সন্তানদেরকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে পারাকে আয়োজনের সার্থকতা বলে মনে করা হচ্ছে। এই উৎসবের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বাঙালির বিলুপ্তপ্রায় ঐতিহ্যগুলো তুলে ধরার প্রয়াস করছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









