জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এর আগে এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়। রোববার (৩০ আগস্ট) নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে রিকশায় থাকা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রনজিনা পারভীন বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। ঘটনার সময় তিনি ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে ছিলেন। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









