রংপুরের পীরগঞ্জে বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া প্রিয় দলের ৪৫০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী। আনন্দ উচ্ছ্বাস আর স্লোগানে পুরো শহর মাতিয়েছে আর্জেন্টাইন ফুটবল দল অনুরাগী ভক্ত ও সমর্থকরা।
শনিবার (৬ জুন) দুপুরে আয়োজক সমর্থক গোষ্ঠীর মাহমুদুল, কাজল, পাপ্পু, জাকির ও সানি জানান, শুক্রবার বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ, সাধারণ মানুষের নজর কাড়ে।
শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক সমর্থক, ভক্ত ও ফুটবল অনুরাগী অংশগ্রহণ করেন। তাদের কারো হাতে বাংলাদেশের পতাকা, কারো হাতে ছিল আর্জেন্টিনার পতাকা। জার্সি পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
আয়োজক সমর্থকরা আরও জানান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি শেষ করা হয়।
এদিকে, রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে আসাদুজ্জামান আফজালকে সভাপতি, ফরহাদুজ্জামান ফারুককে সহ-সভাপতি, ইসমাইল হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক ও ইয়াসির আরাফাত জীবনকে সাংগঠনিক সম্পাদক করে ২২৯ সদস্যের একটি কমিটি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









