পটুয়াখালীর দশমিনা উপজেলায় সরকারি জায়গা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সড়কে অবৈধ যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (৭ জুন) সকালে উপজেলার সদর বাজার, নলখোলা বন্দর ও বাজার ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
অভিযানে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আজাদসহ থানা পুলিশের সদস্যরা।
জানা যায়, উপজেলার সদর বাজার, নলখোলা বন্দর ও বাজার ব্রিজের সরকারি জায়গা দখল করে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শুক্রবার (৫ জুন) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা তা পালন করেননি। এর পরিপ্রেক্ষিতে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন পার্কিং করার অপরাধে জরিমানা করা হয়। অভিযানে পাঁচজন দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সরকারি জায়গায় স্থাপিত কয়েকটি দোকান আগামী দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, “সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। নির্দেশনা অমান্য করায় আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এছাড়া সড়কে অবৈধভাবে অটোরিকশা, ট্রাক ও অন্যান্য যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “সরকারি জায়গা দখল করে স্থাপিত দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য আরও দুই দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









