মহেশখালী থানার একটি সফল অভিযানে অপহৃত চার বছরের শিশু আলভী হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার পরিচালিত এ অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
উদ্ধারকৃত শিশু আলভী হোসেন কক্সবাজার শহরের জেলগেইট এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা উদ্বেগে পড়ে যান। বিষয়টি জানার পর মহেশখালী থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং শিশুটিকে উদ্ধারে মাঠে নামে।
মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গ পাড়ার একটি পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযানের সময় শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে।
এ ঘটনায় চকরিয়া উপজেলার বাসিন্দা করিমের স্ত্রী রুপবানু নামে এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশুটিকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টার ফলেই তাদের সন্তানকে নিরাপদে ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এম বশির উল্লাহ বলেন, এ সফল অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল উদাহরণ। একই সঙ্গে এটি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। এসআই উত্তম কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মহেশখালী থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
একটি পরিবারের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করার এ ঘটনাকে মহেশখালী থানার মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









