জামালপুরের বকশীগঞ্জে পৈতৃক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। আজ সোমবার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের উজান পাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক রোকনুজ্জামান। তিনি অভিযোগ করে বলেন, "আমাদের পৈতৃক সূত্রে পাওয়া ৩২ শতাংশ জমি একই গ্রামের প্রভাবশালী আজাহার আলী, মজনু মিয়া ও খোকন মিয়া বেশ কিছুদিন ধরে জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছেন। তাঁরা জমি দখল করার উদ্দেশ্যে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং আমাকে সরাসরি হত্যার হুমকি প্রদান করছেন।"
ভুক্তভোগী শিক্ষক আরও জানান, প্রভাবশালী চক্রের এমন অনবরত হুমকির কারণে বর্তমানে তিনি এবং তাঁর পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। একই সঙ্গে হুমকিদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









