নীলফামারীর সৈয়দপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে নারী ও বিভিন্ন ব্যক্তিকে নিয়ে ধারাবাহিক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন শতাধিক নারী।
সোমবার (৮ জুন) দুপুরে ‘ঐক্যবদ্ধ নারী সমাজ’ ব্যানারে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের ২৩টি উর্দুভাষী (অবাঙালি) ক্যাম্পের শত শত নারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহরের উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল ও বিভিন্ন নারীকে জড়িয়ে একাধিক ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের বিরুদ্ধেও বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভ্রান্তিকর ও আপত্তিকর প্রচারণা চালিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার পাঁয়তারা করা হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং ফেক আইডির আড়ালে থাকা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন গোলাহাট অবাঙালি ক্যাম্পের নেত্রী হামিদা খাতুন, হাতিখানা ক্যাম্পের বিন্দিয়া খাতুন ও সানজিদা খাতুন, মুন্সিপাড়া ক্যাম্পের মোছা. সনি, শিক্ষার্থী নেহা, আয়েশা ও রেশম, সমাজসেবক ও শিক্ষক নাগমা খাতুন, চামড়া গুদাম ক্যাম্পের মোছা. দুলালীসহ অন্যান্য সচেতন নারী।
বক্তারা বলেন, সম্প্রতি উর্দুভাষী জনগোষ্ঠীর নেতা মাজিদ ইকবাল এবং তার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন ফেক আইডি থেকে অশালীন ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট।
তারা বলেন, কোনো ব্যক্তির সম্মানহানি আমরা মেনে নিতে পারি না। একইভাবে শহরের অনেক নারী ও তরুণীকেও লক্ষ্য করে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। যারা নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়াকে বাধা হিসেবে মনে করেন, তারা প্রকৃত পরিচয়ে সামনে না এসে ফেক আইডির আড়ালে থেকে অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করছে।
বক্তারা জানান, মাজিদ ইকবালকে তারা প্রায় ৩০ বছর ধরে চেনেন এবং তিনি সবসময় নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তার উদ্যোগে বিভিন্ন ক্যাম্পে নারী শিক্ষা কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধন থেকে বক্তারা ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং অশালীন প্রচারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









