পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়গোপালদী এলাকায় দশমিনা-পটুয়াখালী সড়কের পাশে জলিল মোল্লার রাইস মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোহরব সরদারের ছেলে মূসা সরদার (১৯), বুর্জুক আলী মোল্লার ছেলে জলিল মোল্লা (৪৩), আবুল বাশার মুন্সির ছেলে মো. তামিম মুন্সি (২৬) এবং মো. আলী হোসেনের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৩)।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়গোপালদী গ্রামের জলিল মোল্লার রাইস মিলের সামনে মাদক কেনাবেচার সময় দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে মূসা সরদারের কাছ থেকে ৪ পিস, জলিল মোল্লার কাছ থেকে ৩ পিস, মো. তামিম মুন্সির কাছ থেকে ৩ পিস এবং মো. সহিদুল ইসলামের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাদের থানায় নেওয়া হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









