বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের একটি খাল থেকে শামীম নামের এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে গৌরিচন্না বাজার সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম গৌরিচন্না ইউনিয়নের বাসিন্দা মুনসুর আলী বেপারির ছেলে।
ঘটনার পর থেকেই নিখোঁজ মাথার সন্ধানে খাল ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, রবিবার (৭ জুন) রাত ১১টার পর থেকে শামীমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে খালের পাড়ে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে আশপাশে অনুসন্ধান চালানোর একপর্যায়ে খালের পানিতে মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলের পরিস্থিতি ও মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্বজনদের অভিযোগ, শামীমকে হত্যার পর পরিচয় গোপন করতেই দুর্বৃত্তরা তার মাথা বিচ্ছিন্ন করে থাকতে পারে।
মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ, ঘটনার সময় এবং এর সঙ্গে কারা জড়িত তা উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি নিখোঁজ মাথা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









