মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ি থেকে সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সোমবার (৮ জুন) রাতেই বন বিভাগের সহায়তায় সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার ‘পূর্বাশা খান মঞ্জিল’ নামের একটি আবাসিক বাড়িতে হঠাৎ অজগরটি ঢুকে পড়ে। ঘরের ভেতর বিশাল আকৃতির সাপটি দেখে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তারা সাপটিকে কোনো আঘাত না করে তাৎক্ষণিকভাবে 'বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন'-এর সঙ্গে যোগাযোগ করেন।
সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল জানান, পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে সেটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ জানায়, উদ্ধারের পর সাপটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। সেটি সম্পূর্ণ সুস্থ থাকায় রাত সাড়ে ১০টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে সেগুলোকে আঘাত না করে এভাবে উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









