লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে মোস্তফিরহাট মোড় এলাকার ফার্মেসিগুলোতে একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে এ অভিযানকালে 'আফিফা ফার্মেসি' নামক দোকানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর 'Zimax 500' নামক বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধের হুবহু নকল পাওয়ায় সংশ্লিষ্ট দোকানদারকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফি মোড়ের বিভিন্ন ফার্মেসিতে এই তল্লাশি চালানো হয়। এ সময় আফিফা ফার্মেসিতে জিম্যাক্স-৫০০ (Zimax 500) ওষুধের নকল পাতা ও বক্স জব্দ করা হয়, যা আসল ওষুধের মোড়কের সাথে হুবহু মিল রেখে তৈরি করা হয়েছিল। এ সময় ওই ফার্মেসির মালিক নিজের দোষ স্বীকার করায় আইনানুযায়ী তাকে এই আর্থিক জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল ওষুধগুলো ধ্বংস করা হয়। এছাড়া, নকল ঔষধ সরবরাহকারীদের সিন্ডিকেট ভাঙতে ফার্মেসি মালিকদের ওষুধ ক্রয়ের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার এবং সাধারণ মানুষকে রেজিস্টার্ড ফার্মেসি থেকে ওষুধ কেনার আহ্বান জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম বলেন, "নকল ও ভেজাল ওষুধ বিক্রির কারণ হিসেবে সংশ্লিষ্ট দোকানদার জানান যে, আসল ও নকল ঔষধের মোড়ক হুবহু হওয়ায় অজান্তেই তিনি এই অপরাধ করেছেন। জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরির অপরাধে সংশ্লিষ্ট দোকানটিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।"
স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









