জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। ৩০ মিনিট পতাকা বৈঠক করেও কোনো সুরাহা না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা।
বুধবার (১০ জুন) ভোরে উপজেলার রামরামপুর ১০৮২ সীমান্ত পিলারের কাছ দিয়ে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী তা প্রতিরোধ করে। বিজিবি ও স্থানীয়দের বাঁধার মুখে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি।
এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০ টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পতাকা বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়।
বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বারবার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শুন্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। কিন্তু বিজিবি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করে। বিষয়টি সমাধানে বৈঠকের মাধ্যমে চেষ্টা করা হয়েছে।
তবে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









